নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ ১৭–১৮ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব।

 



$ads={1}

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হবে, এরপরে যাবে না বলে মনে করেন তিনি।


আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে অবহিত করতে এই ব্রিফিং করা হয়।


প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বা ১৬ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করতে পারেন। সবচেয়ে দ্রুততম সময়ে (দায়িত্ব) হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে তিন দিনের মধ্যে এমপিরা শপথ নিয়েছেন। নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন, নতুন প্রাইম মিনিস্টার হিসেবে। তিন দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে। মানে ১৫ ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা ১৬ ফেব্রুয়ারিতেও হতে পারে। আমার মনে হয় না, এটা ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাবে।’

$ads={1}

অন্তর্বর্তী সরকার নির্বাচনের পর ১৮০ দিন ক্ষমতা ধরে রাখবে—এমন অপপ্রচারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘যারা এই অপপ্রচারটা চালাচ্ছে তাদের উদ্দেশ্যটা হচ্ছে অসৎ ও উদ্দেশ্যমূলক। তারা এটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ৷ আমরা মনে করি যে এ ধরনের বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’


আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘সরকারপ্রথম থেকেই জনগণকে নিশ্চিত করেছে যে নির্বাচন শেষ হওয়ার পর যাঁরাই নির্বাচিত হবেন, সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তাঁদের হাতে রাষ্ট্র পরিচালনার ভার তুলে দিয়ে সরকার তার দায়িত্ব থেকে সরে যাবে। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই।’


আজাদ মজুমদার বলেন, ‘নির্বাচনে নির্বাচিত এমপিরা সমান্তরালভাবে ১৮০ কার্যদিবস সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৮০ কার্যদিবসের যে বিষয়টা আলোচনায় এসেছে, সেটাও এর আগে বিভিন্ন সময়ে সরকারের যাঁরা দায়িত্বশীল তাঁরা পরিষ্কার করেছেন।’


উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

$ads={1}

এ তথ্য জানিয়ে প্রেস সচিব বলেন, এ সময়ের মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা নিজ নিজ প্রয়োজন ও সুবিধা অনুযায়ী আলাদা অফিস সূচি নির্ধারণ করবে।


উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) কর কাঠামো পুনর্গঠন-সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়। প্রেস সচিব শফিকুল আলম জানান, এলপিজি খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মতে, এ ব্যবস্থায় কর আদায় প্রক্রিয়া সহজ হবে এবং এ খাতে বিদ্যমান জটিলতা কমবে।

Post a Comment

Previous Post Next Post