$ads={1}
পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে বলে খবর জিও সুপারের। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় তাদের টুর্নামেন্ট বয়কট করার আলোচনা চলমান রয়েছে।
জিও সুপার বলছে, লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির টসের পর আজ পাকিস্তানের জার্সি উন্মোচন করার কথা ছিল। কিন্তু টুর্নামেন্টে অংশগ্রহণের অনিশ্চয়তা থেকে তারা সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বিশ্বকাপে তারা আসলেই অংশ নেবে কি না, এই সপ্তাহেই এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে, এই সম্ভাবনা সামনে আসে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির এক বক্তব্যের পর। সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটাই মেনে নেবেন বলে জানিয়েছিলেন নাকভি। পরে প্রতিবাদস্বরূপ আরও কয়েকটি অপশনের কথা উঠে। যেগুলোর মধ্যে ছিল, বিশ্বকাপে অংশ নিলেও ভারত ম্যাচ বর্জন করার প্রসঙ্গ।
$ads={2}
অবশ্য বয়কট গুঞ্জনের মাঝে পাকিস্তান বিশ্বকাপ দল ঘোষণা করেছে। টেলিকম এশিয়া স্পোর্টসের খবর অনুযায়ী, তারা কেটে ফেলেছে বিমানের টিকিটও। ভারত যাবে না বিধায় হাইব্রিড মডেলের অংশ হিসেবে তারা বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। ২ ফেব্রুয়ারি তাদের কলম্বোর উদ্দেশে রওনা দেওয়ার কথা। ধারণা করা হচ্ছে, এর আগেই দেশটির ক্রিকেট প্রধান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
৭ ফেব্রুয়ারি হতে শুরু হতে যাওয়া আসরে উদ্বোধনী ম্যাচটিতেই পাকিস্তান খেলবে। তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১০ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের, ১৫ ফেব্রুয়ারি ভারতের ও ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হওয়ার কথা তাদের।
